
ফাতেহ ডেস্ক
জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার পরও এক মুসলিম যুবককে বেদম পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। এর আগে আসামেও একজনকে পিটিয়ে হত্যা করা হয়।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, চোর আখ্যা দিয়ে ওই মুসলিম যুবককে পিটিয়ে খুন করে উন্মত্ত জনতা। গত ২২ জুন পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ১৮ ঘণ্টা ধরে ২৪ বছর বয়সী তবরেজ আনসারি নামক ওই যুবককে বেধড়ক পেটানো হয়। তার আগে জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয় তাকে।
খবরে বলা হয়েছে, গণপিটুনির ঘটনায় বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি তবরেজকে একটি কাঠের লাঠি দিয়ে নৃশংসভাবে পেটাচ্ছে। আক্রান্ত যুবক ছেড়ে দেওয়ার আকুতি নিয়ে হাত জোড় করলেও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ওই ব্যক্তির।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, জোর করে তবরেজকে বলানো হচ্ছে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হনুমান’।
টাইমস অব ইন্ডিয়া বলছে, পুনেতে দিনমজুরের কাজ করতেন তবরেজ। ঈদে পরিবারের সঙ্গে কাটাতে তিনি গ্রামে গিয়েছিলেন। সেই সময়ই তার বিয়ের আয়োজন করেছিল পরিবার।
এ ঘটনায় অভিযুক্ত পাপ্পু মণ্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
