
আন্তর্জাতিক ডেস্ক
জয় শ্রীরাম কিংবা জয় হনুমানের মতো ধর্মীয় স্লোগান না বলার কারণে ভারতে সংখ্যালঘু মুসলিমদের গণপিটুনি, নির্যাতন, হেনস্থা, হত্যা ও অসহিষ্ণুতা ইস্যুতে গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে খোলা চিঠি দিয়েছিলেন ৮৯ জন বুদ্ধিজীবী। তাদের মধ্যে রয়েছেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আদুর গোপালকৃষ্ণন।
বৃহস্পতিবার আদুর গোপালকৃষ্ণনকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেন কেরালা বিজেপির নেতা বি গোপালকৃষ্ণন। ফেসবুক পোস্টে কেরালা বিজেপির নেতা বি গোপালকৃষ্ণন বলেন, আদুর গোপালকৃষ্ণন একজন শ্রদ্ধাভাজন চলচ্চিত্র নির্মাতা। কিন্তু তিনি দেশের সংস্কৃতিকে অসম্মান করতে পারেন না। তিনি যদি ‘জয় শ্রীরাম’ স্লোগান সহ্য করতে না পারেন, তা হলে তিনি চাঁদ বা অন্য কোনো গ্রহে চলে যেতে পারেন। খবর এনডিটিভি।
জবাবে আদুর গোপালকৃষ্ণন বলেছেন, তাদের চিঠিতে যে উদ্বেগের কথা বলা হয়েছে, তা সরকারের বিরুদ্ধে নয়, কিংবা ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরুদ্ধেও নয়; তাদের উদ্বেগ এই স্লোগান ব্যবহার করে যেসব গণপিটুনির ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে।
এদিকে আদুর গোপালকৃষ্ণনকে নিয়ে কেরালা বিজেপি নেতার মন্তব্যের নিন্দা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
