
আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের বিভিন্ন অঞ্চলে গণপিটুনিতে মুসলিম হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছিলেন যে ৪৯ জন মিডিয়া সেলিব্রেটি, এবার তাদের নামেই মামলা হলো। খবর এনডিটিভি।
গত কয়েক বছর ধরে বিভিন্ন অঞ্চলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করে গণপিটুনি দেয়ার ঘটনা ঘটেছে। গরুর গোশত আছে এমন গুজব ছড়িয়েও হত্যা করা হয়েছে কয়েজনকে। এসব পরিস্থিতিতে একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন তারা। চিঠিতে বলা হয়েছিল, মুসলিম, দলিত ও অন্যান্য সংখ্যালঘুদের গণপিটুনিতে হত্যা করা দ্রুত বন্ধ করতে হবে। দাবি করা হয়, মতবিরোধ ছাড়া গণতন্ত্র থাকতে পারে না। এতে আরও বলা হয়, ‘জয় শ্রী রাম’ ধ্বনি হয়ে উঠেছে উত্তেজক রণহুঙ্কার।
এর জের ধরে অপর্ণা সেন, মণি রত্নম, রামচন্দ্র গুহসহ প্রায় ৫০ জন সেলেব্রিটির নামে এফআইআর(ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হল ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। স্থানীয় আইনজীবী সুধীরকুমার ওঝার দু’মাস আগে দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির নির্দেশে ওই মামলা রুজু হয়। আইনজীবী বলেন, প্রায় ৫০ জনের স্বাক্ষর ছিল ওই চিঠিতে। এই আইনজীবীর অভিযোগ, ওই স্বাক্ষরকারীরা দেশের ভাবমূর্তি কলঙ্কিত করছেন। বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে সমর্থন করে প্রধানমন্ত্রীর অসাধারণ পারফরম্যান্সকে খর্ব করেছেন তারা।
ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী ওই এফআইআর করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজদ্রোহ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, শান্তি লঙ্ঘন করার জন্য অপমান করা।
