ঝুঁকিপূর্ণ সড়ক ও রেলসেতু দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

সমীক্ষা চালিয়ে ঝুঁকিপূর্ণ সেতু দ্রুত সংস্কারের জন্য সড়ক ও রেলপথ বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় সন্ত্রাসবাদ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের সক্ষমতা বাড়াতে প্রায় ৮০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন পেয়েছে।

মৌলভীবাজারে গত রোববার সেতু থেকে পড়ে যায় উপবন এক্সপ্রেসের সাতটি বগি। এতে চারজন নিহত ও শতাধিক আহত হন। মঙ্গলবার একনেক সভায় পুরনো ও ঝুঁকিপূর্ণ সেতু দ্রুত মেরামতের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সড়ক ও রেলপথ বিভাগকে প্রয়োজনীয় সমীক্ষা করতে বলা হয়েছে। একনেক সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বাড়াতে ৭৯ কোটি ৬৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পের অর্ধেক অর্থ ঋণ সহায়তা হিসেবে দেবে জাপান সরকার।

একনেক সভায় ৬ হাজার ৯৬৭ কোটি ২৩ লাখ টাকার মোট ১০টি প্রকল্পের অনুমোদন পেয়েছে। সভায় আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের খেলার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সব ধরনের খেলোয়াড়দের অনুশীলনের সুবিধা তৈরিতে ক্রীড়া মন্ত্রণালয়কে আলাদা তহবিল গঠনের নির্দেশ দেন তিনি।

আগের সংবাদরংপুরে ঘুষ গ্রহণের সময় ভিডিও করায় সাংবাদিকদের মারধর করল কয়েক পুলিশ সদস্য
পরবর্তি সংবাদভারতের ঝাড়খণ্ডে গণপিটুনিতে তাবরেজের মৃত্যুতে গ্রেপ্তার ১১