
ফাতেহ ডেস্ক
বিভিন্ন সময়ে নেতা মন্ত্রীদের হাতে সাংবাদিকদের হেনস্থা হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু স্টুডিওর মধ্যে লাইভ অনুষ্ঠান চলাকালীণ সাংবাদিকের নিগৃহিত হওয়ার ঘটনার উদাহরণ তেমন একটা নেই! পাকিস্তানের এক খবরের চ্যানেলের একটি অনুষ্ঠানের সৌজন্যে এই দৃশ্যেরই অবতারণা হয়। অনুষ্ঠানে কথা চলতে চলতেই তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা মানসুর আলি সিয়াল মারতে শুরু করেন সাংবাদিক ইমতিয়াজ খান ফাহরানকে। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠল বিভিন্ন মহলে।
গত সোমবার সন্ধ্যায় পাকিস্তানের এক খবরের চ্যানেলে বসেছিল বিতর্কসভা। বিতর্কে অংশ নিয়েছিলেন সে দেশের শাসক দল তেহরিক-ই-ইনসাফের নেতা মানসুর আলি সিয়াল। এ ছাড়াও বিশিষ্ট সাংবাদিক ও করাচি প্রেস ক্লাবের সেক্রেটারি ইমতিয়াজ খান ফারহানও উপস্থিত ছিলেন সেখানে। কোনও বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলতে চলতেই হঠাৎ মানসুর হাতাহাতি শুরু করেন ইমতিয়াজের সাথে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইমতিয়াজ ও মানসুরের হাতাহাতির সময় উঠে যান প্যানেলে থাকা আরও দু’জন। বন্ধ হয়ে যায় শো। তাঁদের নিরস্ত করেন স্টুডিওতে থাকা অন্য কর্মীরা। কিছু ক্ষণ পর ফের তারা এসে বসেন। এবং ফের শুরু হয় অনুষ্ঠান!
