টাঙ্গাইলে পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ফাতেহ ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আদাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আনালিয়াবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে সেলিম (১৭) ও একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সাত্তার (১৮)।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তারা ঘুরতে বের হয়েছিল। ভূঞাপুর থেকে এলেঙ্গা যাওয়ার পথে আদাবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মেসার্স স্বর্ণা বিক্সসের নম্বর বিহীন একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুই বন্ধু নিহত হয়। ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই আ. রাজ্জাক ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ দুর্ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলিয়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আগের সংবাদবিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে গোলযোগ
পরবর্তি সংবাদপাটকল শ্রমিকদের ৯৬ ঘণ্টার ধর্মঘট