
ফাতেহ ডেস্ক:
টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটি এজন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দেওয়ার সুপারিশ করেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, বৈঠকে টিকটকের অপব্যবহার ও ক্ষতিকর দিকগুলো বিবেচনায় এর ব্যবহারকারীদের ওপর নজরদারি বৃদ্ধি করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. আফছারুল আমীন, সামছুল আলম দুদু, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং রুমানা আলী অংশগ্রহণ করেন।
বৈঠকে মাদক ও হুন্ডির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকল আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরাল পদক্ষেপ গ্রহণ করার জন্য কমিটি সুপারিশ করে।
