আন্তর্জাতিক ডেস্ক :
নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাথায় টুপি ও হিজাব পরে গির্জায় ক্রিসমাস ক্যারল (ধর্মীয় সঙ্গীত) গাইলেন খৃস্টানরা। গত ২৩ ডিসেম্বর রাতে কেরালার পাথানামিত্তিথা জেলায় কোঝেনচেরিতে সেন্ট টমাস মার টমা চার্চে ভারত জুড়ে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে অভিনব এ প্রতিবাদ জানানো হয়। খবর দ্য ওয়াল।
বিষয়ে চার্চের অ্যাসিস্ট্যান্ট প্যারিশ প্রিস্ট ড্যানিয়েল কে ফিলিপ বলেন, ‘মুসলিম ও অপর যে সম্প্রদায়গুলি নাগরিকত্ব আইন নিয়ে চিন্তিত, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাতে চাই। তাদের কাছে আমরা একটা বার্তা পাঠাতে চাই। তা হল, আমরাও তোমাদের দুশ্চিন্তার শরিক।’
গির্জাটিতে ক্যারল গাওয়া হয়েছে মাপ্পিলা গানের আঙ্গিকে। মাপিল্লা গান ওই অঞ্চলের মুসলিমদের ঐতিহ্যের অঙ্গ। ড্যানিয়েল কে ফিলিপ বলেন, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমিই ওইভাবে ক্যারল গাওয়ানোর কথা ভেবেছিলাম। কয়ার গানের দলের সদস্যরাও তাতে সায় দিয়েছেন।’
ঘটনাটির ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন কংগ্রেস নেতা শশী থারুর। সেখানে তিনি বলেন, ‘এই হচ্ছে আমাদের ভারত, আমাদের ধর্মীয় ঐক্যকে কেউ ভাঙতে পারে না। দয়া করে দেখুন এই তরুণরা কীভাবে তাদের পোশাকের মাধ্যমে ক্রিসমাস ক্যারলে ভারতীয় মুসলমানদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল এবং সিএএ ও এনআরসি’র বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।’
