
ফাতেহ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে পানিতে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রলির মধ্যে ১২ জন কৃষক ছিলেন, তার মধ্যে ৭ জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ২ জনের অবস্থা গুরুতর।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে বাড়ি ফিরছিলেন এসব কৃষকরা। ভোর সাড়ে ৪টার দিকে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। একদিকে অতিরিক্ত ধানবোঝাই অন্যদিকে অন্ধকারের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। ট্রলিটি উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল। তারা বলছেন, সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করতে পারলে হয়তো আরো কয়েকজনকে বাঁচানো সম্ভব হতো। অনেকে ট্রলির নিচে চাপা পড়ে মারা গেছেন। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
