ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

Iran's Foreign Minister Mohammad Javad Zarif attends a meeting with Oman's Minister of State for Foreign Affairs Yousuf bin Alawi bin Abdullah in Tehran on July 27, 2019. (Photo by ATTA KENARE / AFP)

ফাতেহ ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য বেশ কয়েকটি রকেট হামলার প্রেক্ষাপটে ইরানকে সতর্ক করেছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই হুমকির পাল্টা জবাব দিয়েছে ইরান।

গত রোববার রাতে বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকায় অন্তত ৮টি রকেট ছোড়া হয়। এর পর বুধবার এ নিয়ে দুটি টুইট করেন ট্রাম্প। সেখানে তিনটি রকেটের ছবিও সংযুক্ত করেন তিনি। বলেন, এগুলো কোথা থেকে এসেছে, তা অনুমান করা হয়, তা হলো ইরান।

ট্রাম্প আরো বলেন, ইরাকে যদি কোনো মার্কিন নাগরিক নিহত হয়, তাহলে তিনি সরাসরি ইরানকে দায়ী করবেন। তার এই হুঁশিয়ারিকে তিনি বন্ধুসুলভ পরামর্শ বলেও অভিহিত করেন। সেইসঙ্গে আরো হামলার শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প।

এর পর দিন বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ টুইটারে ট্রাম্পকে যেকোনো হঠকারিতার ব্যাপারে সতর্ক করেন। বলেন, ‘ট্রাম্প বেপরোয়াভাবে ইরানকে অভিযুক্ত করতে মূল্যহীন ছবি (রকেটের ছবি) পোস্ট করেছেন।’

তিনি সতর্ক করে বলেন, ‘হোয়াইট হাউস ছাড়ার আগে ট্রাম্প যদি কোনো হঠকারিতা করেন, তাহলে তার সম্পূর্ণ দায় তাকে বহন করতে হবে।’

ট্রাম্পের উদ্দেশে জারিফ বলেন, ‘নিজের নাগরিকদের বিদেশের মাটিতে ঝুঁকিতে ফেলে দেশে ভয়ংকর ব্যর্থতা ঢাকা যাবে না।’

টুইটের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছবিও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা মুহান্দিস। এর পর থেকেই মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটছে। আগামী ৩ জানুয়ারিকে সামনে রেখেই গত রোববার রকেট হামলা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আগের সংবাদইজরাইলের সঙ্গে সম্পর্কোন্নয়নের ইঙ্গিত দিলেন এরদোগান
পরবর্তি সংবাদকরোনা মোকাবিলায় সবচেয়ে সফল বাংলাদেশ