ট্রাম্পের জন্য তালেবানদের দরজা খোলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ভবিষ্যতে শান্তি আলোচনা আবার শুরু করতে চান তবে তার জন্য তালেবানদের দরজা খোলা। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান মধ্যস্থতাকারী ও তালেবান শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, আলোচনাই এখন ‘আফগানিস্তানে শান্তির একমাত্র উপায়’।

আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এর আগে চলতি মাসের শুরুতে ১৮-বছরের সংঘাতের অবসান ঘটাতে উভয় পক্ষ একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছিল। এমনকি জ্যেষ্ঠ তালেবান নেতা ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে গত ৮ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্টের অবকাশনিবাস হিসেবে পরিচিত ক্যাম্প ডেভিডে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তবে গত ৬ সেপ্টেম্বর আফগানিস্তানের রাজধানী কাবুলের কঠোর নিরাপত্তাবেষ্টিত কূটনৈতিক এলাকা শাশ দারকে গাড়িবোমা হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হন। ন্যাটোর নেতৃত্বাধীন মিশনের এক রুমানিয়ার সেনাও নিহত হন। ওই ঘটনার দায় স্বীকার করে তালেবানেরা। ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প বৈঠক বাতিল করে দেন।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে স্টানিকজাই বলেন, ‘তালেবানেরা কোনো ভুল করেনি।’ তিনি বলেন, তারাই বলেছে হাজার হাজার তালেবানকে হত্যা করেছেন তারা। যদি একজন মার্কিন সেনা নিহত হন তবে তার অর্থ এই নয় যে, তাদের এই প্রতিক্রিয়া দেখানো উচিত। কারণ উভয় পক্ষই কোনো যুদ্ধবিরতিতে যায়নি।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামিদুল্লাহ মোহিবেত বলেছেন, তালেবানকে ‘ভয়ভীতি দেখানোর কৌশল’ আসলে সফল হবে না। আফগানিস্তানে শান্তির একমাত্র উপায় হলো আফগান সরকারের সঙ্গে আলোচনা করা।

আগের সংবাদটনসিল ব্যথা থেকে মুক্তি পাওয়ার ৫ ঘরোয়া পদ্ধতি
পরবর্তি সংবাদমানুষের সেবা করার জন্য নার্সিং একটা মহৎ পেশা : প্রধানমন্ত্রী