ট্রাম্প প্রশাসনের তালেবান চুক্তি খতিয়ে দেখবেন বাইডেন

ফাতেহ ডেস্ক:

ট্রাম্প প্রশাসনের তালেবান চুক্তি খতিয়ে দেখবেন বাইডেন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে যে শান্তি চুক্তি করেছিলেন তা বর্তমান বাইডেন প্রশাসন খতিয়ে দেখবে।

চুক্তির আওতায় সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্কচ্ছেদ ও সহিংসতা কমানোসহ অন্যান্য প্রতিশ্রুতিগুলো তালেবান রক্ষা করছে কিনা তা নিশ্চিত হতে চায় হোয়াইট হাউস। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্নের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নিরাপত্তা পরামর্শক জেইক সালিভান এই খতিয়ে দেখার বিষয়টি আফগান কর্মকর্তাদের নিশ্চিত করেছেন। সম্প্রতি আফগানিস্তানে টার্গেট করে গুপ্তহত্যার সংখ্যা অনেক বেড়ে গেছে।

শুক্রবার এমিলি হর্নে বলেন, ‘সালিভান গুরুত্ব দিচ্ছেন যে, শক্তিশালী ও আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাষ্ট্র শান্তি প্রক্রিয়াকে সমর্থন দিয়ে যাবে। এর উদ্দেশ্য হবে দুই পক্ষ যেন একটি দীর্ঘমেয়াদী ও রাজনৈতিক সমঝোতায় আসতে পারে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতি হয়।’

২০০১ এর নাইন-ইলেভেন হামলার পর তালেবানদের উৎখাত করতে আফগানিস্তানে ওই বছর থেকে মার্কিন সেনা নিয়োজিত হয়। তবে গত কয়েক বছরে তালেবানরা বিদ্রোহী শক্তি হিসেবে নিজেদের আবার পুনর্গঠিত করেছে এবং ২০১৮ থেকে আফগানিস্থানের দুই তৃতীয়াংশ অঞ্চল জুড়ে সক্রিয় রয়েছে।

এ মাসের শুরুর দিকে আফগান ভাইস-প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ বিবিসিকে বলেন, তিনি মনে করেন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তালেবানদের অনেক বেশি স্বীকৃতি দিয়েছে।

আগের সংবাদ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেই বক্তৃতা বন্ধ করলেন মমতা
পরবর্তি সংবাদস্কুল খোলার আগে এক গুচ্ছ নির্দেশনা সরকারের