
ফাতেহ ডেস্ক
ডেঙ্গু মশা দমনে আঁটঘাঁট বেঁধে নেমেছেন সিটি কর্পোরেশন। শুধু অষুধ নয়, সুদূর লন্ডন থেকে ‘ভদ্র মশা’ আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এ মশা ঢাকা শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় ছেড়ে দেয়া হবে। এ মশার বৈশিষ্ট্য হলো এরা নিজেরা কামড়ায় না।
এ মশা আমদানির উদ্দেশ হলো- ডেঙ্গুবাহী এডিস (স্ত্রী) মশার সঙ্গে মেলামেশার মাধ্যমে নতুন মশার প্রজনন ঘটানো। নতুন জন্ম নেয়া মশা দুই সপ্তাহ পর এমনিতেই মরে যাবে। পরবর্তীতে যত মশা জন্মাবে সেগুলো ‘ভদ্র মশা’ হয়ে অর্থাৎ ডেঙ্গুবাহী এডিস মশা হয়ে জন্মাবে না, ভদ্র মশা হয়ে জন্মাবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে সহায়তার জন্য বিশ্ব স্বাস্থ্য অধিদফতরকে অনুরোধ করা হয়েছে। লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে এ ধরনের কার্যকর মশা রয়েছে জানতে পেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করতে অনুরোধ করেছি।
তিনি আরও বলেন, জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৭ হাজারেরও বেশি রোগী ভর্তি হলেও তাদের তিন-চতুর্থাংশেরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ-গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান বলেন, ডেঙ্গু মশা দমনে আক্রান্ত রোগীদের সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে (১২টি দেশ) ওলবাচিয়া নামক একধরনের ব্যাকটেরিয়া মশায় প্রয়োগ করে তা বিভিন্ন এলাকায় ছেড়ে দিয়ে এডিস মশাবাহিত ডেঙ্গুসহ চিকুনগুনিয়া, জিকা ও ইয়েলো ফিবার সফলভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ ব্যাপারেও সরকার চাইলে চিন্তা-ভাবনা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
