
আন্তর্জতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পের পর এবার বিজেপির বিদায়ের পালা বলে মন্তব্য করেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র নেত্রী মেহবুবা মুফতি। খবর আনন্দবাজার পত্রিকা।
সম্প্রতি বন্দিদশা কাটিয়ে বেরিয়েছেন মেহবুবা মুফতি। তার পর থেকে উপত্যকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। উপত্যকায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গেও আলোচনায় বসেছেন। সেটা নিয়েই সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহবুবা মুফতি। সেখানে তিনি বলেন,‘আমেরিকায় কী হল দেখলেন তো? ট্রাম্প হেরে গিয়েছেন। এ বার বিজেপিও যাবে।’
৩৭০ ধারা তুলে নেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যেই একজোট হয়েছে উপত্যকার বিরোধী রাজনৈতিক দলগুলো। সম্প্রতি কাশ্মিরে ভারতীয় নাগরিকদের জমি কেনার ছাড়পত্রও দিয়েছে মোদি সরকার।
সে নিয়েও এদিন মুখ খোলেন মেহবুবা। তিনি বলেন,‘আমাদের সম্পদ নিলামে তোলা হচ্ছে। কাশ্মিরি পণ্ডিতদের কথাই ভাবুন। তাদেরকেও তো অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু গোটা উপত্যকাকেই নিলামে তুলে দিয়েছে তারা।’
