ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ড

ফাতেহ ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৮ জুন) সকাল ১০টার দিকে পঞ্চম তলায় ৫১১ নম্বর ডক্টরস রুমে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

পঞ্চম তলায় ভর্তি এক রোগী জানান, হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখেন। তখন সেটি সবাইকে জানালে হাসপাতালের কর্মচারীরা তালা খুলে ভেতরে ঢুকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ঘটনার পর সেখানে কাজ করা একজন বৈদ্যুতিক মিস্ত্রি জানান, ওই কক্ষে ‘উইন্ডো এসি’ রয়েছে। হয়তো এসি চালু করা ছিলো। অতিরিক্ত তাপের কারণে সেই এসি থেকে আগুন ধরে গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মাসুদ মিয়া জানান, চিকিৎসকের রুম বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি

আগের সংবাদ২০ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা
পরবর্তি সংবাদ‘ট্যানারি মালিকরা সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে’