
ইফতেখার জামিল
তসলিমা পর্যন্ত দেখা যায় মুতাজিলাদের ফ্যান। তসলিমার কথা বাদ, অনেক শিক্ষিত ভদ্রলোককেও মুতাজিলাদের প্রশংসায় নুয়ে পড়তে দেখা যায়। কিন্তু বাস্তবতা অনেক তিক্ত।
যারা ইসলামী চিন্তার ইতিহাস পড়েছেন, তারা জানেন, মুতিজালাদের অধিকাংশ রাজনৈতিকভাবে অসৎ ছিলেন। মুতাজিলাদের কথা মনে হলে আমার একটা শব্দই মাথায় আসে। সেটা হচ্ছে, বামপন্থী বুদ্ধিজীবি। বিপ্লবের স্বপ্ন শেষ হবার পর যাদের কাজ হচ্ছে, ভাড়ায় স্বৈরাচারীর পক্ষ নেওয়া। হুম, এটা ঠিক যে, মুতাজিলারা একসময় বিল্পবী ছিল। তবে সেটা এক সময় প্রতিবিপ্লবে রুপান্তরিত হয়।
ফুকাহা ও মুহাদ্দিছিনদের একটা গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা ছিল, আইন প্রণয়ন, পর্যালোচনা ও প্রয়োগের চেষ্টা। স্বভাবতই তৎকালীন রাষ্ট্রও এই চেষ্টাকে ভালো চোখে দেখেনি। এবং এতে মুতাজিলারা সাহায্য করেছে। ইমাম বুখারি, মুসলিম ও আহমদের মতো তিনজন ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এই প্রক্রিয়ায় নির্যাতিত হয়েছেন। অনেকে মুতাজিলাদের পপুলিজম বিরোধী আকারে দাড় করাতে চান। বাস্তবতা হচ্ছে, বুখারি ও মুসলিমের বিরুদ্ধে আমজনতাকে খেপিয়ে তুলতে মুতাজিলারাই প্ররোচিত করেছিল। প্রোপাগান্ডা ছড়িয়েছিল, তাদের আকিদার ঠিক নাই।
মুতাজিলাদের একাংশ নিছক জ্ঞানচর্চায় নিজেদের সীমিত রাখে। ভেতরে পুষে রাখে ব্যর্থ বিপ্লবের হতাশা। তাদের হাতেই বিকশিত হয় ইসমাইলিয়া শিয়া মতবাদ। যাদেরকে আমরা বাতেনি নামে চিনি। এই পরাজিত প্রতিবিপ্লবীরা ক্রুসেড যুদ্ধের সময় পশ্চিমাদের সাহায্য করেছিল। এখনকার পরাজিত বামপন্থী বুদ্ধিজীবিরা তো তাই করেন, ঠিক না?
