তাবরেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করায় মুসলিম যুবকদের গ্রেপ্তার করছে ভারতীয় পুলিশ

তাবরেজ আনসারি

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ভারতের ঝাড়খণ্ডে মুসলিম যুবক তাবরেজ আনসারিকে হিন্দু সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ করছেন প্রতিটি অঞ্চলের মুসলমানেরা। ঘটনার দু’সপ্তাহ গত হলেও এখনও থামেনি তাঁদের এ বিক্ষোভ। গুজরাট, সুরাটসহ কয়েকটি অঞ্চলে বিক্ষোভের কারণে পুলিশের হয়রানি ও হামলার শিকার হচ্ছেন মুসলমানেরা। এ ইস্যুতে মুসলিম যুবকদের গ্রেপ্তার করছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন উর্দূর খবরে বলা হয়, শুক্রবার সুরাটের নানপুরা এলাকায় বিক্ষোভরত মুসলমানদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেলের পাশাপাশি কয়েক রাউন্ড গুলিও চালানো হয়েছে।

সুরাট পুলিশের মুখপাত্র নিউজ এইটিনকে জানান, তাবরেজ আনসারি হত্যার প্রতিবাদে শুক্রবার স্থানীয় মুসলমানদের একটি সংগঠন বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ তাদের অনুমতি দেয়নি। কারণ হিসেবে তারা জানিয়েছেন, তাবরেজের হত্যাকাণ্ড সুরাট বা গুজরাটে ঘটেনি। তাই এখানে বিক্ষোভের কোনো প্রয়োজন নেই।

পরে পুলিশের অনুমতি ছাড়াই শুক্রবার ওই সংগঠনটি মিছিল বের করে। এতে বিপুলসংখ্যক মুসলিম যুবক অংশ নেয়।

বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে পুলিশ ব্যাপক টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। আটক করা হয় বেশ কয়েকজন মুসলিম যুবককে।

পুলিশের দাবি, মুসলমানদের ছোড়া ইটপাটকেলে ৪ পুলিশ আহত হয়েছে।

আগের সংবাদউইঘুর শিশুদেরকে মা-বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছে চীনা সরকার
পরবর্তি সংবাদহাজীদের বিমানভাড়া তিনগুণ বেশি কেন?