তারেককে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ফাতেহ ডেস্ক

তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত ফিরিয়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই সাথে এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া ত্বরান্তিত করার তাগিদ দেন তিনি। সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার অ্যালিসন ব্লেইকের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান মন্ত্রী।

যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন দুর্নীতিতে সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দীন।

তাদের দ্রুত দেশে ফিরে এনে দণ্ড কার্যকর করতে চায় সরকার। এ বিষয়ে দীর্ঘদিন ধরে নানা তৎপরতা চালানো হচ্ছে। যুক্তরাজ্যের হাই কমিশনারের সঙ্গে বৈঠকে তার ওপরই গুরুত্ব দিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকায় ব্রিটিশ সরকারের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশাও প্রকাশ করেন। এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের আশ্রয়শিবিরে স্থানান্তরের প্রস্তাব দেন তিনি।

এসময় যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার আশ্বাস দেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

ব্লেইক বলেন, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত বলেও মনে করে যুক্তরাজ্য।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথেও বিদায়ী সাক্ষাত করেন ব্রিটিশ হাই কমিশনার।

আগের সংবাদছাত্রীকে ধর্ষণ করায় ড্রাইভারকে গণধোলাই
পরবর্তি সংবাদইসরায়েলি সেনাদের নির্মমতায় ৮ ফিলিস্তিনির শাহাদাত