
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের মাটিতে যেকোনো ধরনের অভিযান চালানোর আগে তালেবানের সঙ্গে আলাপ করে নেয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
আমেরিকা আফগানিস্তানের কান্দাহারে উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের (আইএস-কে) অবস্থানে ড্রোন হামলা চালানোর ঘোষণা দেয়ার পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। খবর রয়টার্সের।
মুজাহিদ বলেন, আমেরিকার উচিত ছিল আইএস-খোরাসানের অবস্থানে ড্রোন হামলা চালানোর আগে তালেবানকে সতর্ক করা। আমেরিকার এ হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি।
জবিউল্লাহ মুজাহিদ বলেন, মার্কিন সেনারা চলে যাওয়ার পর তালেবান শিগগিরই কাবুল বিমানবন্দরের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে এবং অচিরেই সরকার ও মন্ত্রিসভা ঘোষণা করবে।
পেন্টাগন শনিবার ঘোষণা করেছে, আফগানিস্তানে দায়েশ-খোরাসানের অবস্থানে হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানোর অন্যতম পরিকল্পনাকারীসহ দু’জনকে হত্যা করা হয়েছে। ওই হামলার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদেরকে কাবুল বিমানবন্দরের গেটগুলো দ্রুত অতিক্রমের আহ্বান জানায়।
