
আন্তর্জাতিক ডেস্ক
জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, তিন তালাক বিল মুসলিম নারীদের প্রতি ন্যায়বিচার নয় বরং অবিচার। বিবাহ বিচ্ছেদের মধ্যস্থতার এ আইনটি করার মাধ্যমে মুসলমানদের শরিয়াহ ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করেছে ভারত।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি বাসিরাত।
তিনি বলেন, এ তিন তালাক বিল আইনের আওতায় এমনও হতে পারে মুসলিম নারীদের স্থায়ীভাবে বিবাহ স্থগিত করা হবে। তাদের পুনরায় বিবাহ ও নতুন জীবন শুরু করার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এ বিলের কারণে পুরুষদের জেল হলে নারী ও তাদের সন্তানদের কষ্ট ভোগ করতে হবে। পাশাপাশি এ আইনটি মুসলিম জনগোষ্ঠীর জন্য করলেও মুসলিমদের কোনো প্রতিনিধি বা শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়নি। সরকারের একগুঁয়েমী মনোভাব থেকে এ বিলটি জোর করে করা হয়েছে। যা গণতন্ত্র পরিচালিত কোনো দেশের জন্য খুবই লজ্জাজনক।
তিনি বিবৃতিতে আরো বলেন, আমরা বিশ্বাস করি এ আইনের বিপক্ষেই অবস্থান নিবে মুসলিম নারীরা। এ আইনের উদ্দেশ্য তো এটাই মনে হচ্ছে, নারীদের অধিকার আদায়ের নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা। ভারতের সংবিধানে প্রদত্ত অধিকারের ধারাগুলোতে আদালত বা সংসদের মুসলমানদের ধর্মীয় ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।
