তিন ফিলিস্তিনিকে পুড়িয়ে হত্যার দায়ে ইজরাইলি যুবকের যাবজ্জীবন

ফাতেহ ডেস্ক:

পশ্চিমতীরে শিশুসন্তানসহ ফিলিস্তিনি দম্পতিকে পুড়িয়ে হত্যার দায়ে এক ইহুদি যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইজরায়েলের একটি আদালত। ইসরায়েলের লড নগরীর একটি জেলা আদালত সোমবার তাকে দোষী সাব্যস্ত করে ওই রায় দেন।

জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, ২০১৫ সালে পশ্চিমতীরের দুমায় সাদ ও রিহাম দম্পতি এবং তাঁদের ১৮ মাসের শিশুসন্তান আলি দাওয়াবশেহকে আগুনে পুড়িয়ে হত্যা করে আমিরাম বেন-উলিয়েল। এ ঘটনায় ওই দম্পতির চার বছর বয়সী আরেক ছেলে গুরুতর দগ্ধ হলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায়।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বেন-উলিয়েলের বয়স তখন ছিল ২১ বছর। মে মাসের ১৮ তারিখ আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেত’ এই রায়কে ‘ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে বর্ণনা করেছে, যা দেশটির ইতিহাসে বিরল ঘটনা।

আগের সংবাদহাটহাজারী মাদ্রাসা বন্ধ ঘোষণা করলো শিক্ষা মন্ত্রণালয়
পরবর্তি সংবাদকলেজে ভর্তির সময় বাড়ল