
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের রাস্তায় তিন মাইল প্রসারিত বিশালাকার কাশ্মীরি পতাকা উত্তোলন করেছে হাজার হাজার পাকিস্তানি বিক্ষোভকারী। কাশ্মীরিদের প্রতি সংহতি প্রকাশ করতে তারা এই সমাবেশ করেছে।
জানা গেছে, গত রোববার কাশ্মীরের সঙ্গে সংহতি প্রকাশের জন্য ইসলামাবাদের এক বিক্ষোভ সমাবেশে প্রায় ৩০০০ পাকিস্তানি অংশ নিয়েছেন। তারা কাশ্মীরিদের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন। এর উদ্দেশ্য ছিল কাশ্মীর ইস্যুতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। এ সময় তিন মাইল প্রসারিত দীর্ঘ পতাকা উত্তোলন করে তারা কাশ্মীরিদের প্রতি একাত্বতা প্রদর্শন করেন।
প্রসঙ্গত, হিমালয়ের অঞ্চলের অর্ন্তভুক্ত কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। তবে উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করেছে। বর্তমানে ভারতীয় কাশ্মীর অবরুদ্ধ অবস্থায় রয়েছে। গত আগস্টের গোড়ার দিকে এই অঞ্চলটির আধা-স্বায়ত্তশাসন ব্যবস্থা বিলোপ করে ভারতীয় সরকার। তারা একে নিজেদের করায়ত্ত করে নিতে চাচ্ছে। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে ভারত ও পাকিস্তান। আর এরপর কাশ্মীরকে কেন্দ্র করে তাদের মধ্যে দুটি যুদ্ধ সংঘটিত হয়েছে।
