তুরস্কে শ্রেষ্ঠ শিক্ষার্থীর সম্মাননা পেলেন লক্ষ্মীপুরের রাশেদ

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী। স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ পেয়ে তিনি শ্রেষ্ঠ শিক্ষার্থী মনোনীত হন। তুরস্কের প্রেসিডেন্ট রজ তাইওেয়ব এরদোগান তার হাতে সনদ তুলে দেন।

সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে ডিন’স মেরিট লিস্ট অব অনার ও ডিন’স মেরিট লিস্ট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়ে ২০১৬ সালে তুরস্কের সরকারি স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পান। তিনি আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পরীক্ষার প্রথম পর্বে ফ্যাকাল্টিতে প্রথম স্থান অর্জন করেন।

রাশেদ ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর তুরস্কের খিরশেহিরে ‘ওসমানি সালতানাতের ধর্মীয় ও সংস্কৃতি’ শীর্ষক সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদকও অর্জন করেছিলেন।

পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত। রাশেদের গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে তুরস্ক, ব্রিটেন, জার্মানি, সাইপ্রাস, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং হাঙ্গেরির বিভিন্ন জার্নালে। ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সেও নিজের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি।

রাশেদের গ্রামের বাড়ি উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরে। তিনি মাতাব্বরনগর দারুসুন্নাহ আলিম মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলী হোছাইনের ছেলে। সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী বলেন, ‘আমার এ সাফল্য বাবা-মার জন্য উৎসর্গ করছি। ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

আগের সংবাদপানিবন্দি ফরিদপুরের ২২৩ গ্রাম, বন্ধ ৩০ বিদ্যালয়
পরবর্তি সংবাদলিভারের জন্য ক্ষতিকর ৯টি অভ্যাস