‘তুরস্ক ও আজারবাইজানের মধ্যে কোনো পার্থক্য নেই’

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান আকিফ চাতাই কিলিচ বলেছেন, আজারবাইজানের সংগ্রাম একইসাথে তুরস্কেরও সংগ্রাম। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে তুর্কি পার্লামেন্ট সদস্যদের এক প্রতিনিধি দলের সরকারি সফরে এই মন্তব্য করেন তিনি।

আকিফ চাতাই কিলিচ বলেন, তুরস্ক ও আজারবাইজানের মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি বলেন, ‘কারাবাখের ৪৪ দিনের যুদ্ধে আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি, যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসবে তাদেরকে অবশ্যই দুই রাষ্ট্রের সাথে একসাথে যুদ্ধ করতে প্রস্তুত হতে হবে।’

কিলিচ আরো বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আজারবাইজানের আনন্দকে আমাদের আনন্দ, এর দুঃখকে আমাদের দুঃখ, এর সংগ্রামকে আমাদের সংগ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।’

তুর্কি প্রতিনিধি দল সফরের সময় আজারবাইজানের সাবেক প্রেসিডেন্ট হায়দার আলিয়েভের মাজার ও বাকুর ‘তুর্কি শহীদের কবরস্থান’ জেয়ারত করেন।

কিলিচ একইসাথে অ্যালি অব মারটিয়ার্স (শহীদদের গলি) সমাধিসৌধ পরিদর্শন করেন এবং ওই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যারা ১৯৯০ সালের ২০ জানুয়ারিতে বাকু ও তার পাশের এলাকাগুলোতে সোভিয়েত বাহিনীর হাতে শহীদ হন। আজারবাইজানের স্বাধীনতার প্রাক্কালে সংগঠিত এ গণহত্যায় ১৩০ জনের বেশি ব্যক্তিকে হত্যা করা হয়।

এর আগে মঙ্গলবার কিলিচ ও তার নেতৃত্বের তুর্কি প্রতিনিধি দল আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাত করেন। পরে তারা দেশটির পার্লামেন্টের স্পিকার সাহিবা গাফারোভার সাথে দেখা করেন।

 

আগের সংবাদ‘বাংলাদেশ থেকে পাচারকৃতদের মধ্যে ২১ শতাংশই নারী’
পরবর্তি সংবাদসৌদির হজমন্ত্রী অপসারিত