
আন্তর্জাতিক ডেস্ক:
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, তার বিশ্বাস তুরস্ক অবস্থান বদলালেই আজারবাইজান কারাবাখে সামরিক পদক্ষেপ স্থগিত করবে।
আজারবাইজানের সঙ্গে সংঘাতের জন্য তুরস্ককে দায়ী করে মঙ্গলবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী রয়টার্স-কে একথা বলেন।
রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে একমত হওয়ার পর এটিই আর্মেনীয় প্রধানমন্ত্রীর প্রথম কোনও সাক্ষাৎকার। তবে আঙ্কারা তার অবস্থান পরিবর্তন করবে; এমন কোনও ইঙ্গিত অবশ্য রয়টার্সকে দিতে পারেননি নিকোল পাশিনিয়ান।
নিকোল পাশিনিয়ান বলেন, যুদ্ধবিরতির আলোচনার আগেই তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন দিয়েছে। এর মানে দাঁড়ায়, তারা আজারবাইজানকে লড়াই চালিয়ে যেতে বলছে। চুক্তির পরও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আজেরি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন। যতক্ষণ পর্যন্ত তুরস্কের অবস্থান পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত আজারবাইজান থামবে না। তারা সংঘাত থামাবে না।
এদিকে তুরস্ক হুঁশিয়ারি জানিয়ে বলেছে, প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। সোমবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের একদিন পরই মঙ্গলবার এ সংঘাতের জন্য আঙ্কারাকে দায়ী করেন আর্মেনীয় প্রধানমন্ত্রী।
