
ফাতেহ ডেস্ক
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাওয়ার পথে ১৫৭ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের সবাই নিহত হয়েছেন। ইথিওপিয়ান এয়ারলাইন্স এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিবৃতিতে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমানটি একেবারেই নতুন ছিল এবং গত নভেম্বরে এটি ফ্লাইট পরিচালনা শুরু করে।
রাষ্ট্রমালিকানাধীন ইথিওপিয়ান এয়ারলাইন্সকে আফ্রিকার সবচেয়ে সেরা সেবাদানকারী এয়ারলাইন্স হিসেবে বিবেচনা করা হয়।
এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রুকে নিয়ে আদ্দিস আবাবা থেকে ছেড়ে যাওয়ার ছয় মিনিট পরেই সকাল ৮টা ৪৪ মিনিটে এটি বিধ্বস্ত হয়। আদ্দিস আবাবা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দেবরি জেট অথবা বিশফটু এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে এবং তাদের কাছে জীবিত বা হতাহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। এদিকে এ দুর্ঘটনায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে।
রাষ্ট্রসম্প্রচার মাধ্যম ইবিসি তাদের খবরে জানিয়েছে, বিমানটিতে ৩৩টি দেশের নাগরিক ছিলেন এবং তারা সবাই মারা গেছেন। ইথিওপিয়ান এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, বিমানটিতে কেনিয়ার ৩২ এবং ইথিওপিয়ার ১৭ জন নাগরিক ছিলেন।
কেনিয়ার পরিবহনমন্ত্রী জেমস ম্যাকারিয়া সাংবাদিকদের জানান, কেনিয়া কর্তৃপক্ষ এখনো যাত্রীদের তালিকা পায়নি। পরিবারের সদস্য এবং বন্ধুদের জন্য একটি জরুরি সেবাকেন্দ্র চালু করা হয়েছে।
