আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আফ্রিকায় বাঙালি মুসলিমদের উদ্যোগে নির্মিত হচ্ছে ‘আল আকসা’ মসজিদ। দেশটির উত্তর-পশ্চিম প্রদেশের রাজধানী শহর মাফেকিংয়ের ইটসোসেং টাউনে এরই মধ্যে শুরু হয়েছে মসজিদটির নির্মাণকাজ।
৮৫০ বর্গফুটের এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হবে আনুমানিক ১.৫ মিলিয়ন আফ্রিকান র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা।
মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ‘বাঙালিদের এই উদ্যোগে এখানকার সব প্রবাসী মুসলিম বেশ খুশি। এখানে বাঙালিদের পাশাপাশি অনেক ভারতীয় ও পাকিস্তানি মুসল্লিও আছে।
তিনি আরও বলেন, বাঙালিদের এই মসজিদটি হবে দক্ষিণ আফ্রিকার একটি আদর্শ মসজিদ। এখানে চালু করা হবে দাওয়াতে তাবলিগের কাজ। থাকবে মুসলিম ছেলে-মেয়েদের বিনামূল্যে ইসলামী শিক্ষা গ্রহণের ব্যবস্থা। এ ছাড়া বিনামূল্যে চিকিৎসা, ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো থাকছেই।’
