
আন্তর্জাতিক ডেস্ক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন, দক্ষিণ ও পূর্ব চীন সাগরে বেইজিংয়ের ‘বৈধ’ তৎপরতার কারণে চীনা প্রতিষ্ঠান ও নাগরিকদের ওপর যদি আমেরিকা কেনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তবে, বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের মারাত্মক অবনতি ঘটবে।
লু ক্যাং বলেন, দক্ষিণ ও পূর্ব চীন সাগর বেইজিংয়ের অবিচ্ছেদ্য অংশ এবং এখানে চীন যেকোনো তৎপরতা চালাতে পারে। এ বিষয়ে নাক গলানোর কোনো অধিকার আমেরিকার নেই।
সম্প্রতি মার্কিন কংগ্রেসের একদল সদস্য দক্ষিণ ও পূর্ব চীন সাগরকে কেন্দ্র করে বেইজিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল তৈরির চিন্তাভাবনা করছেন বলে খবর বের হয়েছে।
ওই বিলের খসড়ায় বলা হয়েছে, চীনা যেসব প্রতিষ্ঠান ও নাগরিক ওই দুই সাগরে তৎপরতা চালাবে যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বেইজিংয়ের সাথে তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনাইয়ের মতবিরোধ রয়েছে।
সূত্র : পার্সটুডে
