দলের ভেতর থেকেই মির্জা ফখরুলের সমালোচনা

ফাতেহ ডেস্ক

সম্প্রতি বিএনপির সংসদ সদস্যদের শপথ নেয়া না নেয়া নিয়ে নানামুখী বক্তব্য রাখেন দলটির মহাসচিব। এরপরই দলে এবং দলের বাইরে সমালোচনার শিকার হন মির্জা ফখরুল।

এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংযত হয়ে বক্তব্য রাখতে পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র নেতাদের কয়েকজন। দলীয় এমপিদের শপথ নিয়ে তার নানামুখী বক্তব্যে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের। সেই সঙ্গে বক্তব্যের ব্যাখ্যা দাবি করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

বিএনপির বিজয়ী প্রার্থীরা শপথ নেয়ার আগে মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা শপথ নিচ্ছি না।’ মহাসচিবের এ ঘোষণার পর বিএনপির জাহিদুর রহমান জাহিদ শপথ নিলে দল থেকে তার প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কারের ঘোষণা দেন মির্জা ফখরুল। কিন্তু এরপর দলীয় কৌশল হিসেবে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব।

তবে, এ সময় কৌশলগত কারণেই তিনি শপথ নেননি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাঁর দেয়া সবশেষ বক্তব্য ও দলের আগের অবস্থান ভুল ছিল মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীতে যে বলেছিলাম আমরা সংসদে যাব না সেই সিদ্ধান্তটা আমাদের ওই মুহূর্তে ভুল ছিল।’

বিএনপির সংসদ সদস্যদের শপথ নিয়ে দলটির মহাসচিবের একেক সময় একেক বক্তব্যকে সহজভাবে নিচ্ছেন না দলের নেতারা।

এ বিষয়ে, বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘স্থায়ী কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেয়ার পরই এসব বিষয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু, এখন বলা হবে আমাদের অনেক কিছুই ভুল ছিল। তিনি পার্টির মহাসচিব দলের হাজার হাজার নেতাকর্মী তার দিকে তাকিয়ে থাকে। তাই, এ ধরনের বক্তব্য দেয়া তাঁর সঠিক হয়নি বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব হোসেন।’

মহাসচিবের এমন বক্তব্যে দল অস্তিত্ব সংকটে পড়ছে বলেও দাবি করেন দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা।

বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর (বীরউত্তম) বলেন, ‘দুই দিন আগে একরকম কথা বলে, দু’দিন পর আবার আরেক রকম কথা। এই দোদুল্যমানতা কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করে। এতে, দলের ও কর্মীদের ক্ষতি হয় এবং নেতাদের মধ্যে যারা আমাদের সমর্থক তাদের জন্য ক্ষতি হয়।’

আগের সংবাদরয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দিলো মিয়ানমার
পরবর্তি সংবাদপৃথক দু স্থানে গোলাগুলিতে নিহত ২