দাঙ্গায় ব্রাজিলের কারাগারে ৫৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের পারা রাজ্যের একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। খবর বিবিসি।

সংবাদ সম্মেলনে কারাগার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। অপরদিকে কারাগারের অন্য প্রান্তে আগুন ধরিয়ে দেয়ায় শ্বাসকষ্টে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। দাঙ্গার সময় দুই কারা-কর্মকর্তাকে জিম্মি করা হয়। পরে তাদের মুক্তি দেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টার দিকে সহিংসতা শুরু হয়। দুপুর পর্যন্তই এই পরিস্থিতি চলছিল।

প্রতিদ্বন্দ্বী রেড কমান্ড গ্যাং দলকে কারাগারের যেখানে রাখা হয়েছিল সেখানে কমান্ডো ক্লাস এ (সিসিএ) গ্যাং দলের সদস্যরা আগুন ধরিয়ে দেয়। সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন বন্দী শ্বাসকষ্টে মারা যায়।

ওই কারাগারের ধারণক্ষমতা ২শ। কিন্তু সেখানে ৩শ নয়জন বন্দীকে রাখা হয়েছে। যদিও কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দীকে রাখার কথা অস্বীকার করেছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কারাবন্দির দেশ ব্রাজিল। প্রায় সাত লাখ মানুষ দেশটির বিভিন্ন কারাগারে বন্দি। অতিরিক্ত বন্দি রাখা ছাড়াও নানা সমস্যায় জর্জরিত দেশটির কারাগারগুলো। সেখানকার কারাগারে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে থাকে।

এর আগে গত মে মাসে অ্যামাজনের মানাউস এলাকার চারটি কারাগারে একই দিনে সহিংসতার ঘটনায় ৪০ জন নিহত হয়। এর মাত্র একদিন আগেই ওই একই এলাকায় কারাগারে সহিংসতার ঘটনায় ১৫ জন নিহত হয়। এছাড়া ২০১৭ সালের জানুয়ারিতে বেশ কয়েকটি কারাগারে সহিংসতার ঘটনায় ১৩০ জন নিহত হয়।

আগের সংবাদখুলনায় গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ, ১৪ বছরের কারাদণ্ড পুলিশ কনস্টেবলের
পরবর্তি সংবাদযেভাবে অ্যাপ থেকে তথ্য চুরি ঠেকাবেন