
ফাতেহ ডেস্ক:
দাড়ি নিয়ে ধৃষ্টতার অভিযোগ উঠেছে বিপণন প্রতিষ্ঠান আড়ংয়ের বিরুদ্ধে। রমজান উপলক্ষে জব সার্কুলার পেয়ে ইন্টারভিউ দিতে আসা এক যুবক এই অভিযোগ করেছেন।
যুবকটির নাম ইমরান হোসাইন লিমন। তিনি একটি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার মুখে মুষ্টি পরিমাণ দাড়ি আছে।
ফেসবুক লাইভে ইমরান বলেন, ‘আড়ংয়ে সিভি জমা দেয়ার পর কর্তৃপক্ষ আমাকে ইন্টারভিউ বোর্ডে ডাকে। তেজগাঁওয়ের হেড অফিসে। আমি আসি। তারা আমার সঙ্গে কথা বলে কনফার্ম করতেই যাচ্ছিলো। হঠাৎ বললো, মাস্ক খুলেন। দাড়ি দেখে বললেন, ‘আড়ংয়ের রুলস হলো, ক্লিনশেভ করতে হবে। নয়ত চাকরি হবে না।’
তবে ইমরান হোসাইন ক্লিনশেভ করতে রাজি হননি চাকরির প্রয়োজন থাকা সত্ত্বেও। বাংলাদেশে চাকরি করতে গিয়ে দাড়ি নিয়েও বিপাকে পড়তে হয়, এই বলে তিনি ক্ষোভ ঝেরেছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের লাইভটি শেয়ার করে আড়ংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন নেটিজেনরা। তারা বলছেন, রমজান উপলক্ষে কর্মী নিয়োগে ক্লিনশেভের শর্ত রাখা দাড়ি নিয়ে ধৃষ্টতা করার শামিল।
