
ফাতেহ ডেস্ক :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা পাইপাস এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকচাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশ কনস্টেবলের নাম সাইদুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল সাইদুল। এ সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সাইদুলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।
