দিনাজপুরে এক মঞ্চে ২০ টি যৌতুকবিহীন বিয়ে

ফাতেহ ডেস্ক :

দিনাজপুরের বীরগঞ্জে ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের আয়োজনে ২০ জোড়া অসহায় তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শুধু যৌতুক বিহীনই নয়, বরং নব দম্পতিদেরকে দেয়া হয়েছে নতুন পরিবার পরিচালনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও।

যৌতুকের কু-প্রভাব এবং ধর্মীয়ভাবে যৌতুক দেয়া-নেয়ার নিষেধাজ্ঞা প্রতিটি ঘরে ঘরে সবার মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জের বটতলী ফয়জিয়া মদিনাতুল উলম মাদরাসা মাঠ প্রাঙ্গণে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ ওই মাঠে আসেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ২০ জোড়া তরুণ-তরুণীকে বর ও কনে সাজিয়ে আনা হয়। এ সময় তাদের বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী।

আগামীর দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় তাদের জন্য দোয়া কামনা করা হয়। পরে নব দম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, হাড়ি পাতিলসহ প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেয়া হয়।

আগের সংবাদনাগরিকত্ব বিল : ভারতের মুসলিম বিরোধী আগ্রাসন
পরবর্তি সংবাদনেদারল্যান্ডসে আজ থেকে শুরু ‘ইসলামি ফ্যাশন সপ্তাহ’