দিল্লিতে ভ্যাকসিন নেয়ার প্রথম দিনেই ৫২ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিতে ভ্যাকসিন নেয়ার প্রথম দিনই ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। এদের মধ্যে একজনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া তেলেঙ্গানায় ১১ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার (১৬ জানুয়ারি) থেকে দেশটিতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় কোভিড টিকাদান কর্মসূচি। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুয়েকটি ছোট ঘটনা ছাড়া দেশজুড়ে নির্বিঘ্নেই প্রথমদিনের টিকাদান শেষ হয়েছে। তবে রাত বাড়তেই বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসতে শুরু করে। কলকাতায়ও ভ্যাকসিন নেয়ার পর এক নার্স অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়।

দিল্লি থেকে প্রথমে জানা যায় টিকা নেয়ার পর ২ স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। চরক পালিকা হাসপাতালে টিকা নেয়ার পর তারা বুকে চাপ অনুভব করেন। ৩০ মিনিটের জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়। পরে দিল্লি সরকার জানায়, দিল্লিতে ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সাংবাদিকদের বলেন, টিকা দেয়ার পর দেশে কোনো বড় পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা ঘটেনি। তবে দিল্লি সরকার এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

সূত্র : এনডিটিভি

আগের সংবাদ‘মসজিদে হারাম ও নববীতে ব্যবহৃত জিনিসগুলো জাদুঘরে প্রদর্শন করা যেতে পারে’
পরবর্তি সংবাদফাইজারের টিকা বয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ: নরওয়ে