
আন্তর্জাতিক ডেস্ক
এরচেয়ে নির্মম, এরচেয়ে নৃশংস বোধহয় আর কিছু হতে পারে না। ভারতের উত্তরপ্রদেশে নিজের অসুস্থ সন্তানকে পুড়িয়ে হত্যা করেছেন এক মা। নিজের দুই মাসের কন্যা সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যা করেন তিনি। গত শুক্রবার উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার মধুবন সিং জানিয়েছেন, জন্ম থেকেই মেয়েটি অসুস্থ। নানারকম চিকিৎসার পরও তাকে সুস্থ করা যাচ্ছিল না। তাই তার মা মারাত্মকভাবে ভেঙে পড়েন। চাপ সামাল দিতে না পেরে নিজের মেয়েকেই আগুনে পুড়িয়ে হত্যা করেন। নিজের মেয়েকে নিজের হাতে খুন করার কথা প্রতিবেশীদের জানিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান তিনি।
প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সেই বাড়ি থেকে ওই নারীর দুই মাসের শিশুকন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার কিছুক্ষণ পর অভিযুক্ত মাকে গ্রেফতার করে তারা। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
