দুই মাসের মধ্যে ঢাকার অবৈধ যান বন্ধ হবে : কাদের

ফাতেহ ডেস্ক

আগামী দুই মাসের মধ্যে ঢাকার সব অবৈধ যান চিহ্নিত করে বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভায় তিনি এ কথা জানান। বলেন, ঢাকার অসনীয় যানজট নিরসনে এর পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে হবে।

এই সিদ্ধান্ত কার্যকরী উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু সিদ্ধান্ত নিই। কিন্তু বাস্তবায়ন হয় না। আগামী দুইমাসের কার্যক্রমের মাধ্যমে আস্থাহীনতায় আস্থা ফিরিয়ে আনতে চাই। এ কমিটিকে আমরা দুইমাস সময় দিচ্ছি। কমিটির কাজ হবে রাজধানীর ভেতরে অবৈধ ছোট যান এবং ব্যাটারিচালিত রিকশা, সিএনজি অটোরিকশা সেগুলো বন্ধ করা।’

তিনি আরও বলেন, ‘ঢাকার বাইরে থেকে অবৈধ যানবাহন মহানগরীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরীতে চলাচলরত ছোট ছোট অবৈধ যানবাহন চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করা হবে।’

এ ছাড়া সভায় রাজধানীতে ট্রাফিক সিস্টেম কার্যকর অটোমেশন সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ ঢাকা মহানগরীতে চলাচলরত অবৈধ যানবাহন আগামী দুই মাসের মধ্যে চিহ্নিত করে তা চলাচলে নিষেধাজ্ঞা প্রদান করবে এই কমিটি’।

বৈঠকে ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নগরীর সব ফুটপাত নগরবাসীকে ফিরিয়ে দেয়ার জন্য হকারদের উচ্ছেদ করা হবে’।

আগের সংবাদখাশোগজি হত্যায় সৌদি যুবরাজের জড়িত থাকার প্রমাণ মিলেছে
পরবর্তি সংবাদদুই-একদিনের মধ্যে হজের ভিসা প্রক্রিয়া শুরু