দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানা

ছবি: এনটিভি

ফাতেহ ডেস্ক:

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে এক এতিমখানার খাবারঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোর ৩ টা ৪৫ মিনিটে সদর উপজেলার আলহাজ্ব মাওলানা আহম্মদ উল্লাহ ছাহেব মাদরাসা কমপ্লেক্স ও এতিমখানাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

মাদ্রাসা শিক্ষক ও স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম জানান, ভোররাত ৩টা ৪৫ মিনিটে প্রতিদিনের মতো মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠেন। এসময় খাবার ঘরে আগুন জ্বলতে দেখেন তারা। এর আগে মাদরাসার বাইরে অজ্ঞাত মানুষের কথাবার্তাও শোনা যায়। পরে শিক্ষার্থীদের সহযোগিতায় শিক্ষকরা আগুন নেভানোর চেষ্টা করে।

একপর্যায়ে মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মনির হোসেন চন্দ্রগঞ্জ থানা পুলিশকে আগুনের বিষয়টি অবহিত করেন। পুলিশ মাদরাসায় এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই চাল-তরকারি, ফ্রিজ ও আসবাবপত্রসহ খাবার ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মনির হোসেন জানান, ‘কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখিনি। তবে রাস্তা নির্মাণ নিয়ে এলাকার সাইফ উদ্দিন ও আবদুল মালেকদের সঙ্গে বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে তারাই আগুন লাগিয়ে মাদরাসার খাবার ঘরটি পুড়িয়ে দিয়েছে।’

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্তারিত ফায়ার সার্ভিসের প্রতিবেদন পেলে জানা যাবে।

আগের সংবাদবাইডেন সরকারের ইনটেরিয়র মন্ত্রী হচ্ছেন আদিবাসী ডেভ হল্যান্ড
পরবর্তি সংবাদঋণ শোধ করতে কিডনি বিক্রি করবেন কাশ্মীরি যুবক!