দূষণ রোধে সিটি করপোরেশনের অবহেলা : হাইকোর্ট

ফাতেহ ডেস্ক

ঢাকায় বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলা রয়েছে মন্তব্য হাইকোর্টের। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করে। একই সঙ্গে দুই সিটি করপোরেশনের দেয়া প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

রাজধানীতে ধুলোবালি প্রতিরোধের পদক্ষেপ সম্পর্কে জানাতে, সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তারা আদালতে হাজির হয়েছিলেন। শুনানিতে তারা জানান, মেট্রোরেলসহ বড় ধরনের উন্নয়ন প্রকল্পের কারণে বায়ুদূষণ রোধ করা যাচ্ছে না। এসময় এসব প্রকল্পের সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তোলে আদালত।

এ ছাড়া রাজধানীতে মশা, জলাবদ্ধতা সংকট রোধে কার্যকর সমন্বিত পদক্ষেপ নেয়ার কথা বলে আদালত। এসময় ট্যাক্সের টাকায় প্রাপ্য সুযোগ-সুবিধা যাতে জনগণ পায়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশও দেয়া হয়। একই সঙ্গে একমাসের মধ্যে আবারও অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

আগের সংবাদএকটি শর্তে দেশে ফেরার কথা বললেন জাকির নায়েক
পরবর্তি সংবাদ২য় মেঘনা, গোমতী, কাঁচপুর সেতু চালু ঈদের আগে : অর্থমন্ত্রী