দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস আল্লামা জামিল আহমদের ইন্তেকালে মুফতী ফয়জুল্লাহর শোক

ফাতেহ ডেস্ক

বিশ্বখ্যাত দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও ফকিহ আল্লামা জামিল আহমদ রহমতুল্লাহি আলায়হির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘হানাফি মাজহাবের অন্যতম গুরুত্বপূর্ণ কিতাব হেদায়ার অনবদ্য উর্দু ব্যাখ্যাগ্রন্থ আশরাফুল হেদায়াসহ ইসলামি আইনশাস্ত্র ও হাদিস শাস্ত্রের বহু গ্রন্থের লেখক ও ব্যাখ্যাকার ছিলেন আল্লামা জামিল আহমদ রহমতুল্লাহি আলায়হি। তাঁর লেখা কিতাবাদি পড়ে অসংখ্য তালিবুল ইলম ইলমের পিপাসা মিটিয়েছে, এখনও মেটাচ্ছে। দারুল উলুম দেওবন্দের দীর্ঘ দিনের উসতাদ ছিলেন তিনি। তাঁর ইন্তেকালে আমরা খুবই ব্যথাতুর এবং শোকাহত হয়েছি।’

মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরাম ও তালিবুল ইলমদের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের অন্যতম এ আলেম রাজনীতিবিদ বলেন, ‘আমরা যা হারিয়েছি, তাঁর সঙ্গে কোনো তুলনা চলে না। মরহুমের এ শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। আল্লাহ তাআলা তাঁর পরিবার-পরিজন-শুভাকাঙ্ক্ষীসহ দারুল উলুম দেওবন্দের আসাতিজায়ে কেরাম ও তালিবুল ইলমদেরকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুন।’

পাশাপাশি মরহুমের দারাজাত বুলন্দি কামনা করে মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, ‘উপমহাদেশের ইলমি আকাশের অন্যতম এক নক্ষত্র ছিলেন আল্লামা মুফতি জামিল আহমদ রহমতুল্লাহি আলায়হি। ইলমের যে খেদমত আঞ্জাম দিয়ে গেছেন তিনি, সদকায়ে জারিয়া হিসেবে তো এর সওয়াব তিনি পেতেই থাকবেন, পাশাপাশি আমরাও কায়মনোবাক্যে মহান আল্লাহ পাকের দরবারে দোআ করছি, তিনি যেন এ মহান ব্যক্তিত্বকে জান্নাতের আ’লা মাকাম দান করেন। আমীন।’

উল্লেখ্য, আল্লামা জামিল আহমদ রহমতুল্লাহ আলায়হি গতকাল রোববার বিকেল ৫টায় দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আগের সংবাদকঠোর মন্তব্য থেকে ফিরে আসবেন না ফয়যুল হাসান খাদিমানী
পরবর্তি সংবাদওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিলে আইনি ব্যবস্থাসহ ৬ সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের