‘দেশকে পেঁয়াজে স্বনির্ভর করতে ভারত থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করুন’

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের পেঁয়াজ চাষিদের রক্ষার পাশাপাশি দেশকে পেঁয়াজে স্বনির্ভর করতে এখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার (১১ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলটির সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ যখন বাজারে আসতে শুরু করেছে, পেঁয়াজের দাম যখন কমতে শুরু করেছে, ঠিক তখনই ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশে সম্ভাবনা জাগানো পেঁয়াজ চাষ ধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের পেঁয়াজ চাষিদের রক্ষার পাশাপাশি দেশকে পেঁয়াজে স্বনির্ভর করতে এখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কৃষিপণ্যে ভারত নির্ভরতা আমাদের জন্য প্রায়ই বড় ধরনের সঙ্কটের কারণ হয়ে দাঁড়ায়। কখনো চাল, কখনো পেঁয়াজ, কখনো বা অন্য কোন পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বার বার পণ্য সঙ্কট ফেলা হয় দেশকে। এতে পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়ায় তখন জনগণকে বাড়তি মূল্য গুনতে ও দুর্ভোগ পোহাতে হয়।’

তিনি বলেন, হিন্দুত্ববাদি বিজেপি সরকার তাদের রাজনৈতিক এজেন্ডায় বাংলাদেশে গরু রফতানি বন্ধ করে দিলেও বাংলাদেশে গরুর গোশতের আকাল পড়েনি। দেশের খামারিরা সারা বছরের প্রয়োজনীয় গরুর গোশতের যোগানসহ কোরবানীর ঈদে পশুর চাহিদা পুরণে যথেষ্ট সফল হয়েছেন। সঠিক পরিকল্পনা গ্রহণ করলে দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও গরুর গোশত রফতানি করা কঠিন কিছু নয়। একইভাবে চাল, পেঁয়াজ, আলুর চাহিদা পুরণ করে বিদেশে রফতানির উদ্যোগ নেয়া কোনো অসম্ভব কাজ নয়।’

তিনি পেঁয়াজসহ ভারতীয় কৃষিপণ্যের আমদানি বন্ধে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

আগের সংবাদসন্তানের খোঁজ রাখা অভিভাবকের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব: আইজিপি
পরবর্তি সংবাদদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২, আক্রান্ত ৮৪৯