
ফাতেহ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি ঈদ শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর পবিত্র ঈদুল ফিতরের এই পবিত্র দিনে মহান আল্লাহর কাছে উম্মাহর অনাবিল সুখ,শান্তি, আনন্দ, সমৃদ্ধি, ইহলৌকিক ও পরকালীন কল্যাণ ও নাজাত কামনা করছি। দু’আ করছি, উম্মাহর প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।
বিবৃতিতে দেশের বিত্তবানদের সুবিধাবঞ্চিত শিশু, কিশোর এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আইওয়াজে মহাসচিব বলেন, আসুন, ধর্মীয়, সামাজিক এবং মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশু,কিশোর এবং দরিদ্র মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করি। সামর্থ্য ও সাধ্যানুযায়ী তাদের প্রতি বাড়িয়ে দেই সাহায্য, সহযোগিতা এবং ভালবাসার হাত। বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলার জন্য প্রত্যয়ী হই। নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল মুসলমান এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করি। অতীতের সকল দুঃখ কষ্ট ও গ্লানি কাটিয়ে মুসলিম উম্মাহর মাঝে ছড়িয়ে দেই কল্যাণ, সাম্য, শান্তি ও ঐক্যের শিক্ষা। তাহলেই আমাদের ঈদ পূর্ণতা পাবে এবং আমরা উপভোগ করতে পারবো ঈদের প্রকৃত আনন্দ।
বিবৃতিতে তিনি মুসলমানদের ঈদুল ফিতরের দাবী ও চেতনা লালন ও ধারণ করে হিংসা, বিদ্বেষ ও হানাহানিমুক্ত ভালোবাসাপূর্ণ সমাজ গঠনের আহবান জানান।
