
ফাতেহ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ইসরায়েলকে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে আলোচনার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকী। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুক্রি এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
আরব নিউজের খবরে বলা হয়, শনিবার দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রিয়াদ আল-মালিকী বলেন যে, বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা ও সহযোগিতার জন্য প্রস্তুত ফিলিস্তিন।
এক্ষেত্রে শর্ত হলো- ‘১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা’। এটির ভিত্তিতেই কেবল আলোচনায় রাজি ফিলিস্তিন।
আমরা নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সহযোগিতা ও আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে আমরা প্রত্যাশা করছি যে, এর মধ্য দিয়ে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্র পুনরায় সম্পর্ক স্থাপন করবে, যোগ করেন রিয়াদ আল-মালিকী।
ফিলিস্তিনি এই কূটনীতিক আরো বলেন যে, কায়রো এবং আম্মানের সঙ্গে তাদের সমন্বয় একটি কেন্দ্রবিন্দু। যা আগত বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একটি ‘সূচনা পয়েন্ট’ প্রতিষ্ঠা করবে। কারণ মিশর এবং জর্ডান মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটতম মিত্র রাষ্ট্র।
