ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ফাতেহ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করা না হলে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘মুক্তমনা শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশ থেকে ডাকসুর সিদ্ধান্তকে একটি ছাত্র সংগঠনের একক সিদ্ধান্ত বলে দাবি করা হয়। বলা হয়, ডাকসুর ভিপি নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক আকতার হোসেন এ সিদ্ধান্তে মত দেননি। ডাকসুকে অবৈধ আখ্যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানান তারা। একই সঙ্গে সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়।

দাবিগুলো হলো- ধর্মভিত্তিক ছাত্র রাজনীতির প্রস্তাব বাতিল করতে হবে, ক্যাম্পাসের সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে, রাজনৈতিক বিবেচনায় হলের সিট প্রদান না করে প্রশাসনের নিয়ন্ত্রণে প্রথম বর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা করতে হবে এবং বিতর্কিত ডাকসু ভেঙে দিয়ে অনতিবিলম্বে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

সমাবেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু এসেছে। প্রতিনিধিদের কাজ ছিল শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা। কিন্তু তারা ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধে খেলা করছেন। ধর্মভিত্তিক রাজনীতি যদি বন্ধ করা হয়, তাহলে এ ক্যাম্পাস মুক্তমনা থাকবে না, প্রগতিশীল থাকবে না।

তিনি আরও বলেন, আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, সারাদেশে রাজনীতি করতে পারি। প্রগতিশীল ছাত্র সংগঠন যদি হয়ে থাকে, তাহলে কোনো সংগঠনকে নিষেধাজ্ঞা করে নয় বরং আদর্শিকভাবে প্রতিহত করুন। আর আদর্শিকভাবে যদি প্রতিহত করতে ব্যর্থ হন, তাহলে ডাকসু থেকে পদত্যাগ করুন। আমরা দেখতে পেয়েছি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে তখন এ ধরনের ঘোষণা দিয়ে দুর্নীতিকে আঁড়াল করার পাঁয়তারা চলছে।

দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কঠোর আন্দোলন, বিশ্ববিদ্যালয় আচার্য এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান, প্রয়োজনে হাইকোর্টের যাওয়ার কথাও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আগের সংবাদইউরোপে কেন বাড়ছে ইসলামফোবিয়া
পরবর্তি সংবাদকাশ্মীরে ১৪৪ শিশু আটকের কথা স্বীকার স্থানীয় প্রশাসনের