
ফাতেহ ডেস্ক :
ভারতীয় পার্লামেন্টে সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধন বিলের প্রেক্ষাপটে ‘বাংলাদেশেও সংখ্যালঘুরা অত্যাচারিত’ হচ্ছে মর্মে যে অভিযোগ করা হয়েছে, তার সমালোচনা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খৃষ্টান ঐক্যপরিষদ।
ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাসগুপ্ত ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিলটি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়, তারপরও এটি নিয়ে আমি আমার নেতিবাচক মনোভাব প্রকাশ করছি। কারণ ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটে বিলটি সত্যিই আমাদের হতাশ করেছে। এটা সত্য যে তারা যেটা বলছেন, বাংলাদেশে নির্যাতিত হিন্দুরা ভারতে গেছে, এটা সত্য। কিন্তু বিলটি আনার কারণে এখন বাকীরাও যেতে উৎসাহিত হবে।’
রানা দাস গুপ্ত আরও বলেন, ‘ধর্মীয় বিভাজন সৃষ্টি করে কোনো সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়।’
উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিলটি আইনে কার্যকর হলে ভারতে আশ্রয় নেয়া অমুসলিম শরণার্থীরা নাগরিকত্ব পাবে। মুসলিমদের বাদ দিয়ে আইনটি করার কারণেই সেটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
প্রস্তাবিত ওই আইনে বলা হয়েছে ৩১ ডিসেম্বর, ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার পর ভারতে গিয়েছেন তাদের বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না। তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।
