নভেম্বরের শুরুতে তফসিল, জানুয়ারিতে ভোট : ইসি আনিছ

ফাতেহ ডেস্ক:

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুরে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমরা আগেও বলেছি নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করা হবে। সংবিধানের মধ্য থেকে আমরা সবকিছু করছি। আমরা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসেবে কাজ করছি।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের ওপর নির্ভর করে না। নির্বাচনে অংশগ্রহণ করা নির্ভর করে দলের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এতে আমাদের এখতিয়ার নেই। তবে আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। আমাদের দেড় বছর পার হয়েছে। শুরু থেকেই নির্বাচনের পরিবেশের জন্য আমরা সব দলকে একাধিকবার আহ্বান জানিয়ে আসছি। এখনও আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

আগের সংবাদভোটের দিন সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা
পরবর্তি সংবাদহুতিদের হামলার নিন্দা জানিয়ে যা বলল সৌদি আরব