
ফাতেহ ডেস্ক
নাইজারের রাজধানী নিয়ামে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৭ জন। আহতদের খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু।
সোমবার দেশটির কর্তৃপক্ষ জানায়, নিয়ামের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি রাস্তায় ট্রাকটি পার্ক করার সময় উল্টে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই উল্টে যাওয়া তেলের ট্যাংকার থেকে তেল সংগ্রহ করছিল।
এক প্রত্যক্ষদর্শী জানায়, ট্রাকটি মধ্যরাতে হঠাৎ একটি রেললাইনের ওপর উল্টে পড়লে লোকজন তেল সংগ্রহ করতে আসতে থাকে। এমন সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে।
এদিকে নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মোটরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
নাইজারের প্রতিবেশী ও আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় প্রায়ই জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ ঘটে। ২০১২ সালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এ রকম এক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।
