নাগরিকত্ব আইনবিরোধী মিছিলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কলকাতায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে আয়োজিত এক মিছিল শেষে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে মিছিলকারীদের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে হামলার শিকার হয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিচালক দেবলীনা মজুমদার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঘাযতীন অঞ্চলে সিএএ-বিরোধী একটি শান্তিপূর্ণ মিছিলে অংশ নিয়েছিলেন দেবলীনা মজুমদার। ওই মিছিলটি ছিল ‘ফেমিনিস্ট ইন রেসিস্ট্যান্স’ গ্রুপের।

দেবলীনা ‘দ্য হিন্দু’-কে জানিয়েছেন, ‘মিছিলের শেষে আমরা যখন চা খাচ্ছিলাম তখন ৮ জন লোক আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা জয় শ্রীরাম বলে চিৎকার করতে থাকে আর এলোপাথাড়ি স্টিক দিয়ে মারতে শুরু করে।’ এই ঘটনায় আহত হয়েছেন দেবলীনা ও তার সঙ্গীরা। তার ক্যামেরাও ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা।

ঘটনার পরে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক শুশ্রুষার পরে ছেড়ে দেওয়া হয়েছে দেবলীনা ও তার সঙ্গীদের। জানা গেছে, এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আগের সংবাদ‘রাশিয়া যথেষ্ট চাপ দিলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পারে’
পরবর্তি সংবাদতুরস্কে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিক্ষার্থী