নাগরিকত্ব বিলের প্রতিবাদে পদত্যাগ করলেন মুম্বাইয়ের মুসলিম আইজিপি

নাগরিকত্ব বিলের প্রতিবাদে পদত্যাগ করলেন মুম্বাইয়ের মুসলিম আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজ্যসভায় মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৯ (সিএবি) পাসের প্রতিবাদে পদত্যাগ করলেন মুম্বাইয়ের আইজিপি আবদুর রহমান।

ভারতীয় পত্রিকা সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বুধবারই তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার থেকেই আর কার্যালয়ে আসবেন না।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এই বিল দেশের ধর্মীয় বহুত্ববাদ বিরোধী। আমি দেশবাসীর কাছে গণতান্ত্রিক উপায়ে এই বিলের প্রতিবাদ করার আর্জি জানাচ্ছি। এটি সংবিধানের কাঠামো বিরোধীও বটে। আমি বিলের তীব্র বিরোধিতা করছি। এটি আমাদের সংবিধান পরিপন্থী। এই বিল পাসের প্রতিবাদে আমি চাকরি থেকে ইস্তফা দিচ্ছি।’

ওই শীর্ষ পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘ভারতের মুসলিমদের মনে ভয় ধরাতেই এই বিল আনছে সরকার। দেশের মধ্যে বিভেদ তৈরি করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী এই বিল আইনে পরিণত হলো।

এর আগে গত সোমবার লোকসভায় পাস হয়েছিল এই বিল। এরপর বুধবার রাজ্যসভায়ও পাস হয়ে যায়। দেশটির সংসদের উভয় কক্ষে বিতর্কিত এই বিল পাসকে কেন্দ্র করেই বিক্ষোভ-প্রতিবাদের সূচনা হয়েছে। কারফিউ ভেঙে রাস্তায় নামা জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের গুয়াহাটিতে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।

আগের সংবাদআসামে বাংলাদেশি হাই-কমিশনের গাড়িবহরে হামলা, বাংলাদেশের প্রতিবাদ
পরবর্তি সংবাদব্রিটেনে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির বড় জয়