ফাতেহ ডেস্ক :
নাটোর সদর উপজেলায় দুটি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সুনামগঞ্জ থেকে রাজশাহীগামী নান্নু পরিবহনের সঙ্গে বিপরীতমুখী যাত্রিবাহী বাস নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাটোর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান ঘটনাস্থলে একজন নিহত এবং ২০ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
