
ফাতেহ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দৃশ্যত রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারকে রাজি করাতে ব্যর্থ হচ্ছে। কিন্তু আমি কাউকে এ জন্য দোষারোপ করতে পারি না, কেননা, মিয়ানমার কারও কথাই শুনছে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে চলতি সপ্তাহে নিউইয়র্কের ওয়ালস্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যান কিলেরকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ওয়ালস্ট্রিট জার্নালে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের কাছে থেকে আরও বেশি সহযোগিতার আহ্বান জানিয়েছেন’ শীর্ষক সাক্ষাৎকার প্রতিবেদনটি প্রকাশিত হয়।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করার বিষয়ে তিনি বিবেচনা করবেন কি-না জানতে চাইলে প্রধানমন্ত্রী ওয়ালস্ট্রিট জার্নালকে বলেন, ‘অবশ্যই তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভূখণ্ড মাত্র এক লাখ ৪৭ হাজার বর্গ কিলোমিটারের এবং আমাদের ১৬ কোটি জনসংখ্যা রয়েছে, কাজেই এত বিপুল সংখ্যক মানুষকে কীভাবে আমরা দীর্ঘসময় ধরে আশ্রয় দিয়ে রাখতে পারি? আমাদের স্থানীয় জনগণের কষ্ট হচ্ছে, তারা যেখানে বাস করছে সেখানে আমাদের বনভূমির একটি বড় অংশ ইতোমধ্যে উজাড় হয়ে গেছে।’
